শাকিবের বিরুদ্ধে ডিজিটাল আইনে অভিযোগ
নিজের আইকনিক গান ‘পাগল মন, মন রে...’-এর কপিরাইট ভঙ্গের অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করেছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী দিলরুবা খান। মোবাইল অপারেটর রবি’র পাঁচ কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়েছে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে।
রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে চিত্রনায়ক শাকিব খান ও মোবাইল অপারেটর রবির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শিল্পী দিলরুবা খানের পাশাপাশি ‘পাগল মন’ গানের গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসও রয়েছেন অভিযোগকারী হিসেবে। তাদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন সাইবার ক্রাইম অফিসে এ অভিযোগ দায়ের করেন।
এই প্রসঙ্গে দিলরুবার আইনজীবি ব্যারিস্টার ওলোরা আফরিন গণমাধ্যমকে জানিয়েছেন, চিত্রনায়ক শাকিব খান তার ‘পাসওয়ার্ড’ সিনেমায় গানটির পিক দুই লাইন অনুমতি ছাড়া ব্যবহার করেছেন। যা কপিরাইট করা ছিল। তিনি সিনেমায় ব্যবহার করে কপিরাইট ভঙ্গ করেছেন। এজন্য তার কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে প্রথমে আইনি নোটিশ দেওয়া হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এই নিয়ে কয়েকবার শাকিব খানের সঙ্গে বৈঠক হলেও ফলাফল না আসায় আমরা এই অভিযোগ দায়ের করো হয়েছে।